শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ | সময়: --:--:--
সত্য ও তথ্যের মেলবন্ধনtodaybd24.com
শিরোনাম
বল টেম্পারিং নিয়ে মন্তব্যের জন্য ব্যানক্রফটকে বাদ দেওয়া হয়নি: বেইলি ● গাজার প্রতি সংহতি কেন গণহত্যা থামাতে ব্যর্থ হলো ● উচ্চশিক্ষাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ● আফগানিস্তানে স্কুলের পাশের বাড়িতে ডিনামাইট বিস্ফোরণ, অন্তত ৬ শিক্ষার্থী নিহত ● এনএসআইয়ে ৭৪৬ পদে নিয়োগ, আবেদন শুরু ৩ ডিসেম্বর ● টানা তিন দফায় বেড়ে সোনার ভরি ফের ২ লাখ টাকা ছাড়াল, ২২ ক্যারেট ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা ● নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তানি নাটকে মজেছেন ভারতীয়রা ● ফেনীতে মন্ত্রীর বাড়ির পাশে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১১, পাঁচ মোটরসাইকেলে আগুন

উচ্চশিক্ষাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক  |  ২৮ নভেম্বর ২০২৬  |  জাতীয়

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গতানুগতিক ধারা থেকে বেরিয়ে প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনমুখী ও দক্ষতাভিত্তিক কর্মসংস্থান উপযোগী শিক্ষা চালু করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষ সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সম্মিলনে দেশের ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষ অংশ নেন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক। সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তিনির্ভর শিক্ষার সঙ্গে শিক্ষকদের কার্যকরভাবে সম্পৃক্ত করতে প্রশিক্ষণের বিকল্প নেই। শিক্ষককেন্দ্রিক পদ্ধতির বদলে শিক্ষার্থীকেন্দ্রিক ও গবেষণামুখী পাঠদান চালুর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ট্রেন দ্য ট্রেইনার’ কর্মসূচি এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে। প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়াতে না পারলে প্রতি বছর সার্টিফিকেটনির্ভর শিক্ষিতের সংখ্যা বাড়বে, কিন্তু বেকারত্ব কমবে না বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষাকে শুধু চাকরির প্রস্তুতিতে সীমাবদ্ধ না রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাহিত্য, দর্শন, ইতিহাস, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও সংস্কৃতিচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা, যুক্তিবোধ ও নেতৃত্বের গুণ বিকাশের সুযোগ তৈরি করতে হবে। পাশাপাশি ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতার মাধ্যমে অর্জিত জ্ঞানকে কর্মদক্ষতায় রূপান্তরের ওপর জোর দেন তিনি, যাতে শিক্ষার্থীরা পড়াশোনা শেষে চাকরির অপেক্ষায় না থেকে নিজেরাই উদ্যোক্তা হতে পারেন এবং অন্যদের জন্য কর্মসংস্থান তৈরি করতে পারেন।

অধ্যক্ষদের উদ্দেশে সরকারপ্রধান বলেন, একজন অধ্যক্ষ শুধু প্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধান নন, তিনি প্রতিষ্ঠানের নেতা ও নৈতিক দিকদর্শক এবং ভবিষ্যৎ প্রজন্ম গড়ার স্থপতি। কলেজগুলোতে ক্যারিয়ার কাউন্সেলিং, ইন্টার্নশিপ, ভাষা ক্লাব ও দক্ষতা উন্নয়নের সুযোগ বাড়ানো, শিক্ষক সংকট নিরসনে শূন্য পদ পূরণ এবং উপযুক্ত কলেজগুলোর ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী