বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ | সময়: --:--:--
সত্য ও তথ্যের মেলবন্ধনtodaybd24.com
শিরোনাম
‘সরি অমি ভাই’ বলে কাঁদলেন আরিফিন, শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ ● ২০২৭ ব্লাস্টে আবার সমারসেটে ফিরছেন ড্যানিয়েল স্যামস ● সিঙ্গাপুরের বিপক্ষে সহজ ম্যাচ হবে না, বাটলারের কৌশলেই এগোবেন নারী দলের নতুন কোচ এরিক মেয়ার ● সমুদ্রপথে ইতালি পৌঁছানোর দুই মাসের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভৈরবের তরুণ জুনাইদের ● জাপোরিঝিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৫, কিয়েভে রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ● কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরাও, নিবন্ধন ৬ ডিসেম্বর পর্যন্ত ● এক দিন কমার পর ফের বাড়ল সোনার দাম, ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা ● ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

সমুদ্রপথে ইতালি পৌঁছানোর দুই মাসের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভৈরবের তরুণ জুনাইদের

নিজস্ব প্রতিবেদক  |  ২৬ নভেম্বর ২০২৬  |  জাতীয়

উন্নত জীবনের আশায় এক বছর আগে দেশ ছেড়েছিলেন জুনাইদ আহমেদ (২২)। কয়েকটি দেশ ঘুরে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পাড়ি দিয়ে দুই মাস আগে পৌঁছান ইতালিতে; দুই সপ্তাহ আগে সেখানে একটি প্রতিষ্ঠানে কাজও পেয়েছিলেন। কিন্তু সেই ‘ভালো থাকা’ আর হলো না। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ইতালির বারি শহরে কর্মস্থল থেকে বাইসাইকেলে বাসায় ফেরার পথে প্রাইভেট কারের ধাক্কায় নিহত হন এই তরুণ।

জুনাইদ কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগরের তাতারকান্দা গ্রামের রেণু মিয়ার ছেলে; তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার ছোট। পারিবারিক সূত্রে জানা যায়, ইতালি যাওয়ার উদ্দেশ্যে এক দালালের মাধ্যমে প্রায় এক বছর আগে দেশ ছাড়েন জুনাইদ। কয়েকটি দেশ ঘুরে একপর্যায়ে লিবিয়ায় পৌঁছে সেখানে দুই মাস অবস্থানের পর সমুদ্রপথ পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছান তিনি।

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাত নয়টার দিকে জুনাইদ বাইসাইকেলে করে কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন। পথে পেছন থেকে একটি প্রাইভেট কার তাঁর বাইসাইকেলকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে ইতালির পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। জুনাইদের মামাতো ভাই মিশন হোসেন বলেন, দুর্ঘটনার কিছুক্ষণ পর ইতালিতে অবস্থানরত স্বজনদের মাধ্যমে তাঁরা মৃত্যুর খবর পেয়েছেন। কাজ পাওয়ার পর বাবা-মাকে ফোন করে জুনাইদ বলেছিলেন, ‘কষ্টের দিন শেষ। ভালো বেতন পাব। আমি ভালো থাকব, তোমরাও ভালো থাকবে।’

নিহত ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনার আকুতি জানিয়েছেন বাবা রেণু মিয়া। তিনি বলেন, ‘ছেলে তো গেছে। জীবনেও আর ফিরে আসব না। লাশটা আইনা দেন।’ পরিবার চাইলে জুনাইদের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুনুর রশীদ।

আরও পড়ুন: বগুড়ার দুপচাঁচিয়ায় গলায় ফাঁস দিয়ে সৌদি প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা