বিদেশে মারা যাওয়া প্রবাসী বাংলাদেশিদের মরদেহ দেশে আনার খরচের ৫০ শতাংশ বহনের পরিকল্পনা করছে সরকার। মন্ত্রিসভার অনুমোদন পেলে শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে জালালাবাদ অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, লন্ডন, যুক্তরাষ্ট্র, কানাডাসহ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে কোনো প্রবাসী বাংলাদেশি মারা গেলে তাঁর মরদেহ দেশে আনার ব্যয়ের অর্ধেক বহন করতে চায় সরকার। প্রস্তাবটি মন্ত্রিসভায় অনুমোদিত হলে দ্রুত সিদ্ধান্ত কার্যকর করা হবে।
মন্ত্রী আরও বলেন, প্রবাসীদের চিকিৎসাসেবায় সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সেবা দিতে সরকার সচেষ্ট রয়েছে। প্রবাসীদের আইনি সহায়তা দিতে ল ফার্ম নিয়োগের মাধ্যমে সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি।
কর্মী পাঠানো নিয়ে কড়া অবস্থানের কথাও জানান আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে ‘আনফিট’ কর্মীকে ‘ফিট’ দেখিয়ে পাঠানোর ঘটনা প্রমাণিত হলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে; প্রয়োজনে লাইসেন্সও বাতিল হতে পারে।
আরও পড়ুন: সমুদ্রপথে ইতালি পৌঁছানোর দুই মাসের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভৈরবের তরুণ জুনাইদের






