শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ | সময়: --:--:--
সত্য ও তথ্যের মেলবন্ধনtodaybd24.com
শিরোনাম
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তানি নাটকে মজেছেন ভারতীয়রা ● ফেনীতে মন্ত্রীর বাড়ির পাশে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১১, পাঁচ মোটরসাইকেলে আগুন ● কানাডার সুপ্রিম কোর্টে বহাল কুইবেকের ধর্মীয় প্রতীক নিষেধাজ্ঞা ● ওভারটনের পাঁচ উইকেটে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে সিরিজে ২-১-এ এগিয়ে ইংল্যান্ড ● প্রবাসীদের মরদেহ দেশে আনার অর্ধেক খরচ বহনের পরিকল্পনা সরকারের: শ্রমমন্ত্রী ● টানা দুই দিনে ভরিতে ২ হাজার ১০০ টাকা বাড়ল সোনার দাম, ২২ ক্যারেট ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা ● ‘সরি অমি ভাই’ বলে কাঁদলেন আরিফিন, শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ ● ২০২৭ ব্লাস্টে আবার সমারসেটে ফিরছেন ড্যানিয়েল স্যামস

কানাডার সুপ্রিম কোর্টে বহাল কুইবেকের ধর্মীয় প্রতীক নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক  |  ২৭ নভেম্বর ২০২৬  |  আন্তর্জাতিক

কানাডার সুপ্রিম কোর্ট কুইবেক প্রদেশের বিতর্কিত ধর্মনিরপেক্ষতা আইন (বিল ২১) প্রায় পুরোপুরি বহাল রেখেছেন। ফলে শিক্ষক, পুলিশ কর্মকর্তা, বিচারক ও সরকারি কৌঁসুলিসহ নির্দিষ্ট কিছু সরকারি চাকরিজীবীর কর্মক্ষেত্রে হিজাব, পাগড়ি, কিপ্পার মতো ধর্মীয় প্রতীক পরার ওপর নিষেধাজ্ঞা বহাল থাকল।

শুক্রবার (২৭ নভেম্বর) দেওয়া এই যুগান্তকারী রায়ে আদালত বলেন, কুইবেক আইনটি পাস করার সময় সংবিধানের ‘নটউইথস্ট্যান্ডিং ক্লজ’ (ধারা ৩৩) বৈধভাবেই ব্যবহার করেছে, আর আদালত এই ক্ষমতার ওপর অতিরিক্ত কোনো সীমা আরোপ করতে পারেন না। প্রধান বিচারপতি রিচার্ড ওয়াগনার লিখেছেন, আইনটি একটি মুক্ত ও গণতান্ত্রিক সমাজে রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতা নিশ্চিত করার ক্ষেত্রে কুইবেকের ‘বৈধ ও ঐতিহাসিক অঙ্গীকার’-এর মধ্যে নিহিত।

তবে একটি ক্ষেত্রে ছাড় দিয়েছেন আদালত: কুইবেকের জাতীয় পরিষদের (প্রাদেশিক আইনসভা) নির্বাচিত সদস্যদের মুখ ঢেকে অধিবেশনে অংশ নিতে বাধা দেওয়া যাবে না — এই বিধানটি তাঁদের গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন করে বলে রায়ে বলা হয়েছে।

২০১৯ সালে পাস হওয়া বিল ২১ নিয়ে সাত বছরের বেশি সময় ধরে আইনি লড়াই চলে আসছিল। ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিমস (এনসিসিএম) এই রায়কে ‘আমাদের সাংবিধানিক গণতন্ত্রের জন্য একটি অন্ধকার দিন’ বলে অভিহিত করেছে। সমালোচকদের মতে, আইনটি বিশেষ করে মুসলিম নারীদের অসামঞ্জস্যপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত করে এবং অনেককে পেশা আর ধর্মবিশ্বাসের মধ্যে একটিকে বেছে নিতে বাধ্য করেছে।

আরও পড়ুন: জাপোরিঝিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৫, কিয়েভে রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা