টানা তৃতীয় দফায় বেড়ে দেশের বাজারে সোনার ভরি আবার দুই লাখ টাকা ছাড়িয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ২ হাজার ৬২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করেছে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৫১৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৩৩৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৩৪ হাজার ৭৭৮ টাকা। হলমার্ক করা ২২ ক্যারেট সোনার প্রতি গ্রাম বিক্রি হচ্ছে ১৭ হাজার ২৮০ টাকায়। নির্ধারিত দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদা করে ভ্যাট আদায় করা যাবে না বলে জানিয়েছে বাজুস।
এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার দুই দফায় ভরিতে ১ হাজার ৫০ টাকা করে বেড়েছিল সোনার দাম। ফলে তিন দিনে ২২ ক্যারেট সোনার দাম বাড়ল মোট ৪ হাজার ৭২৪ টাকা। স্থানীয় বাজারে তেজাবি (বিশুদ্ধ) সোনার দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।
সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে; ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৩ টাকায়। এ ছাড়া মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে গয়না বদলের ক্ষেত্রে ৯ শতাংশ এবং বিক্রির ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দেওয়ার নিয়ম বহাল থাকবে।
আরও পড়ুন: টানা দুই দিনে ভরিতে ২ হাজার ১০০ টাকা বাড়ল সোনার দাম, ২২ ক্যারেট ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা






