দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। এর মধ্য দিয়ে পরমাণু বিদ্যুৎ উৎপাদনকারী বিশ্বের ৩৩তম দেশ হলো বাংলাদেশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়।
বিষয়টি তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুকে নিশ্চিত করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের এক বিবৃতিতে জানানো হয়, প্রাথমিক এই পরীক্ষামূলক সরবরাহে প্রায় আট থেকে ১০ ঘণ্টা ধরে বিদ্যুৎ গ্রিডে দেওয়া হবে। এরপর প্রায় ২৮ ঘণ্টা বিরতি দিয়ে প্রয়োজনীয় কারিগরি ও পরিচালনাগত মূল্যায়ন সম্পন্ন করতে আবার চার থেকে ছয় ঘণ্টা সংযোগ দেওয়া হবে।
বিবৃতিতে আরও বলা হয়, রুশ ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা সফলভাবে শেষ হলে প্রথম ইউনিট থেকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।
ঢাকা থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে পাবনার ঈশ্বরদীর রূপপুরে অবস্থিত প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায়; ২০১৫ সালে এ নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি হয়। কেন্দ্রটির পরিচালনায় কারিগরি সহায়তা দিচ্ছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটম। ২০২৩ সালে দেশে প্রথম পরমাণু জ্বালানির চালান পৌঁছায়। তবে দেশের রাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক পরিস্থিতির কারণে মাঝে প্রকল্পের অগ্রগতি ধীর হয়ে পড়েছিল।
দুই ইউনিট মিলিয়ে রূপপুর কেন্দ্রের মোট উৎপাদন সক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রকল্পটির ব্যয় প্রায় ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার, যার বড় অংশই রাশিয়ার দেওয়া ঋণ।






