মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ | সময়: --:--:--
সত্য ও তথ্যের মেলবন্ধনtodaybd24.com
শিরোনাম
‘জীবন্ত লাশ’ থেকে ভুক্তভোগীদের কণ্ঠ হয়ে ওঠা মারাইয়ার গল্প ● গোপালগঞ্জে এবার ১০ প্লাটুন বিজিবি, আকাশে ড্রোন, মাঠে এপিসি ● গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের অস্ত্র মহড়া, ডিসি-এসপি প্রত্যাহার ● চীনে বসছে ট্রাম্প-পুতিন-শি বৈঠক, আলোচনায় পারমাণবিক অস্ত্র ও ইরান ● ওটিটিতে এল রেকর্ড গড়া ‘জেলার ২’, আরও যা দেখবেন ● এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং, কেলেঙ্কারির জেরে নাটকীয় পতন ● ভাঙ্গায় যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ● ক্যানসার চিকিৎসায় ধনীদের ভরসা বিদেশে, গরিবের অপেক্ষা মেঝেতে

গোপালগঞ্জে এবার ১০ প্লাটুন বিজিবি, আকাশে ড্রোন, মাঠে এপিসি

নিজস্ব প্রতিবেদক  |  ১৬ নভেম্বর ২০২৬  |  জাতীয়

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলায় বিজিবির উপস্থিতি আরও বাড়ানো হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এখন ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন রয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও দাঙ্গা কঠোরভাবে মোকাবিলায় নামানো হয়েছে অত্যাধুনিক আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি)।

সোমবার বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। শুধু স্থলেই নয়, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে আকাশে ড্রোন ওড়ানো হচ্ছে এবং মাঠপর্যায়ের সদস্যদের শরীরে বডি ওর্ন ক্যামেরা সংযুক্ত করে সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে বাহিনীটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন করা বিজিবি সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী জেলার স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দায়িত্ব পালন করছেন। ড্রোন প্রযুক্তি ও বিশেষ ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে মাঠপর্যায়ের সার্বিক পরিস্থিতির সরাসরি ভিডিও ধারণ করা হচ্ছে, যা বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এর ফলে যেকোনো জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত ও ব্যবস্থা নেওয়া সহজ হবে।

অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে গোপালগঞ্জে নিরাপত্তা বলয় গড়ে তুলেছে বিজিবি। সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখার পাশাপাশি যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়। বিজিবি আরও জানায়, দায়িত্ব পালনের ক্ষেত্রে বাহিনীর সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা, সংযম ও ধৈর্যের পরিচয় দিচ্ছেন।

উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের লগি-বৈঠা, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মহড়ার পর রোববার গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) প্রত্যাহার করে সরকার। তখন পর্যন্ত জেলায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন ছিল; এক দিনের ব্যবধানে তা বাড়িয়ে ১০ প্লাটুন করা হলো।