মৃত্যুর আগ পর্যন্ত ঢালিউডের শীর্ষ নায়ক ছিলেন মান্না। তাঁর সিনেমা মানেই ছিল হাউসফুল দর্শক, আর পারিশ্রমিকের দিক থেকেও তিনি ছিলেন সবার ওপরে। তবু ভালো সিনেমার স্বার্থে প্রযোজকদের পাশে দাঁড়াতে দ্বিধা করতেন না তিনি।
২০০৭ সালে মুক্তি পাওয়া ‘ক্ষমতার গরম’ সিনেমায় সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে অভিনয় করেছিলেন মান্না। অভিনেতার পুরোনো একটি সাক্ষাৎকার থেকে এ তথ্য জানা গেছে। সিনেমাটি পরিচালনা করেছিলেন পি এ কাজল, প্রযোজক ছিলেন আবদুল মান্নান।
মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলির ফেসবুক পেজে সাক্ষাৎকারের ভিডিওটি দেখা যাচ্ছে। সেখানে মান্না বলেন, প্রযোজক আবদুল মান্নান ২০-২২ বছর ধরে তাঁর মেকআপ করেছেন। একজন টেকনিশিয়ানের সিনেমা করতে পেরে এবং তার সাফল্য দেখে তিনি খুব আনন্দিত। মান্না আরও বলেন, ‘তোমরা আমার ছোট ভাই, তোমরা আমাকে এক টাকাও দেবে না, আমি তোমাদের ছবিতে অভিনয় করবো।’
১৯ বছর আগের এই সিনেমায় আরও অভিনয় করেছিলেন পূর্ণিমা, ওমর সানী ও মিশা সওদাগরসহ অনেকে।
২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মান্না মারা যান। তাঁর আকস্মিক মৃত্যু ঢালিউডে বড় ধাক্কা দেয়। এর পর থেকে ঢাকার সিনেমা একনায়কনির্ভর হয়ে পড়ে বলে মনে করেন অনেকে।
ভালো সিনেমার জন্য নতুন কিছু করার চেষ্টা মান্না বরাবরই করতেন। তিনিই প্রথম তাঁর ‘মনের সাথে যুদ্ধ’ সিনেমায় নগরবাউল জেমসকে দিয়ে প্লেব্যাক করান। এর আগে ‘লুটতরাজ’ সিনেমায় প্লেব্যাকে নিয়ে আসেন আইয়ুব বাচ্চুকে। আর তাঁর সিনেমাতেই প্রথম একসঙ্গে অভিনয় করেন নব্বইয়ের দশকের দুই জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী ও শাবনূর—২০০৩ সালের ‘দুই বধূ এক স্বামী’ সিনেমায়।
সূত্র: বাংলা ট্রিবিউন






