সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ | সময়: --:--:--
সত্য ও তথ্যের মেলবন্ধনtodaybd24.com
শিরোনাম
‘নোংরা রাজনীতি’ খেলা থেকে দূরে রাখতে চান ভারত-পাকিস্তান ক্রিকেটভক্তরা ● জনপ্রিয়তার শীর্ষে থেকেও ‘ক্ষমতার গরম’-এ পারিশ্রমিক নেননি মান্না ● ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দেবে এসএসএফ ● খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বহুমুখী উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের ● সন্দেহভাজন ইউক্রেনীয় ড্রোন হামলায় বেঙ্গাজি বন্দরে রুশ যুদ্ধজাহাজ ডুবে গেল ● ফরিদপুরে কৃষক দল নেতা হত্যার ঘটনায় নিক্সন চৌধুরীসহ ৯৬ জনের বিরুদ্ধে মামলা ● প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানকে ইতিবাচক দেখছে এনসিপি, তবে চায় ভিত্তিসহ ঐক্য ● চাকরি খুঁজছেন? আবেদন থেকে সাক্ষাৎকার পর্যন্ত মাথায় রাখুন ১০ বিষয়

‘নোংরা রাজনীতি’ খেলা থেকে দূরে রাখতে চান ভারত-পাকিস্তান ক্রিকেটভক্তরা

নিজস্ব প্রতিবেদক  |  ২৩ নভেম্বর ২০২৬  |  খেলাধুলা

মাঠে তখন উত্তেজনা, গ্যালারিতে তখন অন্য ছবি। রোববার দোহায় এশিয়া কাপ রাইজিং স্টার্স ২০২৬-এ ভারত ও পাকিস্তান মুখোমুখি হলে মাঠের ভেতরে উত্তপ্ত বাক্যবিনিময়, ধাক্কাধাক্কি আর বিদায়ী খেলোয়াড়দের প্রতি উসকানিমূলক আচরণ দেখা গেছে। কিন্তু গ্যালারিতে দুই দেশের সমর্থকেরা পাশাপাশি বসে, নিজ নিজ দলের জার্সি পরে, পতাকা নেড়ে একসঙ্গে খেলা উপভোগ করেছেন।

পাকিস্তান প্রথমে ব্যাট করে ভারতের সামনে লক্ষ্য দেয়। ভারতের ফাস্ট বোলার হর্ষিত রানা ও পাকিস্তানের শীর্ষস্থানীয় ব্যাটারদের মধ্যে শুরুতেই বাক্যবিনিময় হয়। ম্যাচের ধারা ধরে রেখে ভারতের ইনিংস শেষ হয় লক্ষ্য থেকে ৪৮ রান দূরে—পাকিস্তান পায় প্রতিবেশীদের বিপক্ষে বিরল এক জয়।

দোহার ওয়েস্ট এন্ড আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা দেখতে আসা কয়েক হাজার দর্শকের মধ্যে ছিলেন আবরার হোসেন ও মোহাম্মদ সাঈদ খান। ছয় বছরের বন্ধুত্ব তাঁদের। ভারতের মুম্বাইয়ের বাসিন্দা খান পরেছিলেন ভারতের নীল জার্সি, পাশে বসা করাচির হোসেনের গায়ে ছিল পাকিস্তানের জার্সি। দুজনে দোহায় একসঙ্গে থাকেন, একসঙ্গে খান, আর সপ্তাহান্তের ক্রিকেট লিগে একই দলে খেলেন।

‘খেলায় রাজনীতি থাকা উচিত নয়,’ বলেন হোসেন। খানের মতে, অনেক খেলোয়াড়ই এই আগ্রাসী আচরণে অংশ নিতে চান না, কিন্তু রাজনীতিবিদদের নির্দেশে তাঁদের বাধ্য করা হয়। তরুণ প্রজন্মও একই পথে হাঁটছে বলে উদ্বেগ জানান তিনি। তাঁদের দাবি, ক্রিকেট বোর্ডগুলো এমন আচরণের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নিক, যাতে এই আচরণ পরের প্রজন্মের কাছে না পৌঁছায়।

গত মে মাসে দুই দেশের মধ্যে চার দিনের তীব্র সংঘাতের পর থেকে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচগুলো রাজনীতির ছায়ায় ঢাকা পড়েছে। চার মাস পর এশিয়া কাপ ২০২৫-এ মুখোমুখি হয়ে ভারতের খেলোয়াড়েরা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান, পাকিস্তানের খেলোয়াড়েরা সীমান্তের আকাশযুদ্ধের সঙ্গে সম্পর্কিত অঙ্গভঙ্গি করেন। টুর্নামেন্টের শেষে বিজয়ী ভারতীয় দল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পাকিস্তানি প্রধানের হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করে। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও একই ধারা দেখা গেছে।

তবে গ্যালারির দর্শকেরা অন্য কথা বলছেন। দিল্লি থেকে আসা দোহার বাসিন্দা অবিনাশ ড্যানিয়েল স্ত্রী-সন্তান ও দুই বন্ধুকে নিয়ে প্রথমবার স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে এসেছিলেন। তাঁর ভাষায়, ‘গ্যালারিতে কোনো আলাদা দিক নেই—ভারতীয় স্ট্যান্ড নেই, পাকিস্তানি স্ট্যান্ড নেই। আমরা সবাই মিলেমিশে আছি।’ স্টেডিয়ামের বাইরে একজন বাংলাদেশি বিক্রেতা ভারত ও পাকিস্তানের পতাকা বিক্রি করছিলেন। ড্যানিয়েলের মতে, ক্রিকেটের রাজনীতিকরণে লাভ শুধু রাজনীতিবিদদের; খেলোয়াড় ও ভক্তরা শুধু খেলাটা উপভোগ করতে চান।

সূত্র: আল জাজিরা