পোস্ত চাষে তালেবান সরকারের নিষেধাজ্ঞা থাকলেও আফগানিস্তানে আফিম উৎপাদন বড় আকারে বেড়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ।
সংস্থাটির মাদক ও অপরাধবিষয়ক দপ্তর ইউএনওডিসির হিসাব অনুযায়ী, গত এক বছরে দেশটিতে পোস্ত চাষের আওতায় থাকা জমির পরিমাণ বেড়েছে ৩৩০ শতাংশ। আর আফিমের উৎপাদন পাঁচ গুণ বেড়ে পৌঁছেছে ১ হাজার ৫০০ টনে।
ইউএনওডিসি বলছে, ২০২২ সালে তালেবান নিষেধাজ্ঞা জারির পর পোস্ত চাষ ও আফিম উৎপাদনে এটাই প্রথম উল্লেখযোগ্য বৃদ্ধি। জীবিকার তাগিদে দেশটির কিছু দরিদ্র কৃষক আবার পোস্ত চাষের দিকে ঝুঁকেছেন বলে উল্লেখ করেছে সংস্থাটি।
কয়েক দশক ধরে আফগানিস্তানই ছিল বিশ্বের অবৈধ আফিমের সবচেয়ে বড় উৎস। নিষেধাজ্ঞা কার্যকরের আগে বিশ্বজুড়ে আফিম সরবরাহের প্রায় ৮০ শতাংশই আসত এই দেশটি থেকে।
উল্লেখ্য, ২০২১ সালের আগস্টে ক্ষমতায় ফেরার পর ২০২২ সালের এপ্রিলে ধর্মীয় কারণ দেখিয়ে পোস্ত চাষসহ সব ধরনের মাদক নিষিদ্ধ ঘোষণা করেছিল তালেবান।




